Wednesday, April 17, 2013

কয়েক প্রকার লাড্ডু



বাঙালিদের কাছে দেশীয় মিষ্টি খাবার খুবই প্রিয়। আসুন কয়েকটি লাড্ডুর রেসিপি জেনে নেই

বেসনের লাড্ডু :

লাড্ডু তৈরির উপকরণ:
বেসন-১ কাপ, পানি ১/২ কাপ, ভাজার জন্য তেল, কাঠ বাদাম ১ চা চামচ, এলাচ গুড়া ১ চামচ।
সিরা তৈরিতে: চিনি দেড় কাপ, পানি ১ কাপ।
যেভাবে করবেন: প্রথমে পানিতে চিনি জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন।
এবার একটি পাত্রে পানি ও বেসন দিয়ে খুব ভালো করে মিশ্রণ তৈরি করুন। বড় হাতলসহ ঝাজরা চামচে মিশ্রণ নিয়ে গরম তেলে ছাড়ুন। অল্প আচে বুন্দিয়াগুলো সোনালী রঙ করে ভেজে তুলুন।
সবশেষে চিনির সিরায় বুন্দিয়া, বাদাম কুচি এবং এলাচ গুড়া দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন।
হাতে চিনির সিরা মেখে গোল গোল করে লাড্ডু তৈরি করুন।

মুগ ডালের লাড্ডু:

উপকরণ: মুগ ডাল ১কাপ, চিনি ১ কাপ, ঘি ১/২ কাপ, এলাচ গুড়া ১/২ চা চামচ, বাদাম।

যেভাবে করবেন: মুগ ডাল ভেজে গুড়া করে নিন।
পাত্রে ১ চামচ ঘি দিয়ে বাদাম ভেজে রাখুন। এবার পুরো ঘি দিয়ে সব উপকরণ দিয়ে আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হালকা গরম থাকতেই লাড্ডু তৈরি করুন।

গাজরের লাড্ডু :

গাজর দেড় কেজি, চিনি আধা কেজি, ঘি আধা কাপ, এলাচ ও দারুচিনি ১০-১২টি, মাওয়া আধা কাপ।

প্রথমে গাজর ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিন। গাজর মিহি গ্রেট করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে গাজর, এলাচ, দারুচিনি ভালোমতো নাড়তে থাকুন। আঠা আঠা হলে নামিয়ে মাওয়া গ্রেট করে দিয়ে আলতোভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিন।
এবার গোল গোল করে গাজরের লাড্ডু তৈরি করে নিন।

তিলের লাড্ডু :

তিলের লাড্ডু তৈরি করতে প্রয়োজন হবে:
তিল- ২৫০ গ্রাম, গুড়-২৫০ গ্রাম, ঘি- ১ কাপ।

প্রণালী: তিল টেলে(তেল ছাড়া ভাজা) নিয়ে পরিস্কার করে খোসা ছাড়িয়ে নিন।

এবার চুলায় একটি পাত্রে গুড় জ্বাল দিন। গুড় গলে গেলে তিল দিয়ে নাড়তে থাকুন। গুড়ের সঙ্গে তিল মিলে শক্ত হয়ে এলে নামিয়ে নিন। একটি পাত্রে তিলের মিশ্রণ ঢেলে গরম থাকতেই ঘি দিয়ে মিশিয়ে নিন।
পছন্দ মতো আকারে লাড্ডু তৈরি করুন।

আপনারা চাইলে সব ধরণের লাড্ডুতে পছন্দ মতো লবন দিতে পারেন।

রেস্টুরেন্টের খাবার বাড়িতেই



বাইরের খাবার আমরা ছোট-বড় সবাই পছন্দ করি। কিন্তু সব সময় বাইরে গিয়ে পছন্দের খাবার খাওয়া সম্ভব হয় না। আজ না হয় তাই বাড়িতেই রেস্টুরেন্টের খাবার তৈরি করে সবাইকে অবাক করে দিন। দেখুন এরপর থেকে হয়তো আপনাকে প্রায়ই এটা রান্না করতে হবে। কারণ পরিবারের সবাই খাবারটি পছন্দ করেই খাবে।

যা যা লাগবে:
মাংসের কিমা ৫০০ গ্রাম। তবে মাংস অবশ্যই একেবারে মিহি কিমা হতে হবে। এখন সুপার শপে এমন কিমা পাওয়া যায়। পাওয়া না গেলে মাংস ব্লেন্ডারে বা শিলপাটায় ভালোভাবে পিষে নিতে হবে।

আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গুঁড়া মরিচ ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১- চামচ, এলাচ ৪ টি, দারুচিনি সামান্য, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুঁচি ২ কাপ, টমেটো সস স্বাদমতো। তেল এক কাপ সয়া সস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ, ধনে পাতা, দই এবং সামান্য চিনি।

প্রণালী:
প্রথমে মাংসের কিমার সঙ্গে আদা, রসুন, হলুদ, গোলমরিচ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ ইত্যাদি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন।
মাংসের কিমাগুলো ছোট ছোট গোল গোল করে মিট বল তৈরি করে নিন।

ননস্টিকি পাত্রে তেল গরম করে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে সামান্য ভেজে মাংসের বলগুলো ছেড়ে দিন।

মাংসের বলগুলো অল্প আচে কিছুক্ষণ ভেজে তুলে নিন।

এবার পেঁয়াজকুচি গরম তেলে বাদামি করে ভেজে সব মসলা এবং দই দিয়ে ভালো করে ভুনা করুন। বলগুলো মশলায় দিয়ে রান্না করুন।

নামানোর আগে চিনি দিন। ধনে অথবা পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে ভাত, রুটি অথবা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন।

ক্রিসপি চিকেন ফ্রাই

আমাদের বাড়ির ছোট বড় সবাই এখন বাইরের খাবারের ভক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে ফাস্টফুড। প্রিয় এই মানুষগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে ঘরেই তৈরি করুন মজার মজার সব আইটেম। কীভাবে করবেন? আপনাদের জন্যই তো আমাদের নিয়মিত রেসিপি দেওয়ার এই আয়োজন। দেখে নিন, ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করা যায় খুব সহজে।

উপকরণ:
মুরগি ১টি ৮ টুকরো করে কাটা, ঘন দুধ আধা কাপ, ময়দা ১কাপ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া পরিমাণ মতো, কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ, তেল পরিমাণ মতো।

যেভাবে করবেন:
কর্নফ্লেক্স বা চিপসগুলো হাতে চাপ দিয়ে ভেঙ্গে নিন। একটি পলেথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে কোট লাগিয়ে নিন।

একটি পাত্রে তেল দিয়ে গরম করে মাংসগুলো দিন। কিছুক্ষণ পর চুলার আচঁ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজতে থাকুন। এতে মাংসের ভেতরটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু মচমচে হবে না। মচমচে করতে এবার ঢাকনা খুলে দিন এবং চুলার আচঁ বাড়িয়ে সোনালী করে ভেজে তুলুন। পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন

চিকেন ভেজিটেবল বিরিয়ানি





আমাদের অনেকের বাড়িতেই যত উৎসাহ নিয়ে সবজি কেনা হয় সেভাবে আগ্রহ করে খাওয়া আর হয় না। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে রান্না করা সবজি খেতে না চাইলে একটু অন্যভাবে চেষ্টা করুন।
খুব সহজে রান্না করুন চিকেন ভেজিটেবল বিরিয়ানি।

উপকরণ: পোলাও এর চাল আধা কেজি, ফুলকপি ১টি, গাজর কুঁচি ১ কাপ, আলু কিউব করে কাটা ১ কাপ, বরবটি কুঁচি ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, মুরগির মাংস কিউব ২ কাপ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, কাঁচা মরিচ ৬টি, আদা বাটা ২ টেবিল চামচ , রসুনবাটা ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া সামান্য, জয়ফল ও ছোট এলাচ গুঁড়া ১ চা চামচ, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ১/২ চা চামচ ঘি বা তেল পরিমাণমতো, লবণ ও পানি পরিমাণমতো।

যেভাবে করবেন: প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য তেল গরম করে পেঁয়াজ ভেজে সব মসলা দিয়ে কষিয়ে নিন। সবজিগুলো ধুয়ে সেদ্ধ করে নিয়ে মসলায় মাংস দিয়ে নেড়ে কিছুক্ষণ পর সিদ্ধ সবজি দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

এবার আলাদা পাত্রে পোলাও রান্না করুন। কিছু পোলাও তুলে রেখে মাংসসহ সবজিগুলো কয়েক ধাপে সাজিয়ে ওপরে পোলাও দিয়ে পাত্রে ঢাকনা দিয়ে চুলার আচ কমিয়ে ১৫ মিনিট রেখে নামিয়ে দিন দারুণ মজার পুষ্টিকর কমপ্লিট ডিস চিকেন ভেজিটেবল বিরিয়ানি।

নানা স্বাদের পুডিং



তৈরি করুন মজাদার নানা স্বাদের পুডিং। পুষ্টিকর এবং সুস্বাদু এই পুডিংগুলো খুব সহজেই তৈরি করা যায়। ট্রাই করেই দেখুন:

ক্যারামেল পুডিং:
যা লাগবে: দুধ আধা লিটার, ডিম চারটি, চিনি ১০০ গ্রাম, কর্ণফ্লাওয়ার এক টেবিল চামচ, লবণ সামান্য, এলাচ দুটি, দারচিনি এক টুকরো।
প্রণালী: প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন। ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি ও কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন। মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারচিনি তুলে ফেলুন।
তৈরি: একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামী রঙ না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান। এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমানমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন। বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা। নরম মনে হলে আরও দুটি সিটি দিন।
তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

দই পুডিং:
উপকরণ: ডিম ২টি, গুড়া দুধ ১ কাপ, দই ১ কাপ, চিনি ২টেবিল চামচ, পানি ১/৪ কাপ।
প্রস্তুত প্রণালী: প্রথমে পুডিং পাত্রে ঘি ব্রাশ করে নিন। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ব্রেন্ড করে নিয়ে পাত্রে ঢেলে প্রেসার কুকারে এ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে ১০ মিনিট মৃদু আচে চুলায় রাখুন।
ঠাণ্ডা হলে একটি পাত্রে পুডিং রেখে ওপরে পছন্দমতো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ক্রিম পুডিং:
উপকরণ: ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়ো ২টি, ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালী: ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়ো ও ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

চকলেট পুডিং:
উপকরণ: ডিম ৪টি, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, কনডেন্স মিল্ক ২ টেবিল চামচ, গুড়া দুধ আধা কাপ, পানি ১ কাপ, চকলেট পছন্দ মতো, কোকো পাউডার সামান্য।
যেভাবে তেরি করবেনঃ ডিম ফেটে নিন। চিনি দিন, কনডেন্স মিল্ক, গুড়া দুধ ও পানি দিন। কোকো পাউডার, চকলেট দিন। পাত্রে মিশ্রণ ঢেলে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি দিন।
এবার পুডিং পাত্রটি তুলে ঢাকনা খুলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

পটেটো সালাদ

উপকরনঃ
  1. আলু ৪/৫টি
  2. টক দই ১কাপ
  3. গোল মরিচ ১/৪ চা চামচ
  4. বিট লবণ স্বাদমতো
  5. শসা টুকরো করা ২/৩টি
  6. টমেটো টুকরো করা ১টি
প্রণালীঃ
     
     আলু লম্বা ফালি করে সিদ্ধ করে নিতে হবে। এরপর অল্প তেলে ভাজতে হবে। তারপর বাটিতে তুলে বাকি সব উপকরন মিশিয়ে নিলেই তৈরি মজাদার সালাদ।

Monday, April 8, 2013

সয়া নাগেটস কাবাব

উপকরনঃ
  1. সয়া নাগেটস ২৫০গ্রাম
  2. ডিম ২টা
  3. পেঁয়াজ কুঁচি  ১কাপ
  4. মরিচ গুড়ো স্বাদমতো
  5. গোল মরিচ স্বাদমতো
  6. বিট লবন ১/৪ চা চামচ
  7. সয়া সস ১ চা চামচ
  8. কাঁচা মরিচ ২/৩টি
  9. লবণ স্বাদমতো
প্রণালীঃ
সয়া নাগেটস  সিদ্ধ করে চেপে পানি ফেলে দিতে হবে। এরপর কুঁচি করে কিমা বানাতে হবে। এতে বাকি সব উপকরন মিশিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর ডিমের সাদা অংশে গড়িয়ে  বাদামি করে ভেজে নিতে হবে।

Monday, April 1, 2013

ফ্রুট-আইসক্রিম ককটেল

উপকরনঃ
  1. ফল ইচ্ছেমতো ছোট কিউব করে কাটা
  2. আইসক্রিম ভ্যানিলা, চকলেট
  3. জেলো পাউডার লাল, হলুদ, সবুজ
  4. চিনির সিরাপ
প্রনালিঃ

       জেলো পাউডার পানিতে গুলে চুলায় জ্বাল দিতে হবে। ঘন হয়ে এলে ঠাণ্ডা করে ছোট কিউব করে কেটে নিতে হবে। একটি পাত্রে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে, তার উপরে যেকোনো এক প্রকার ফলের টুকরো, লাল জেলো কুচি,চিনির সিরাপ তারপর আবার চকলেট আইসক্রিম দিয়ে অন্য আর একটি ফলের টুকরো,সবুজ জেলো কুচি,সিরাপ দিতে হবে। এভাবে ৩/৪টি স্তর করে সাজালেই তৈরি ফ্রুট-আইসক্রিম ককটেল।